দশম দফায় ভাসানচরে পৌঁছেছে ১২৮৭ রোহিঙ্গা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-৩১ ১৪:২৬:৩৯
মিয়ানমার থেকে বাস্ত্তচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা দশম দফায় কক্সবাজার থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে। এ দফায় আরও ১ হাজার ২৮৭ জন রোহিঙ্গা ভাসানচরে পৌঁছেছে। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৯৪৯ জন।
আজ সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ১টার দিকে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা সন্ধীপ’ যোগে রোহিঙ্গারা ভাসানচর পৌঁছায়।
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ১২৮৭ রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পল্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়।
মোয়াজ্জেম হোসেন আরও বলেন, ৬৫ জন রোহিঙ্গা কক্সবাজার থেকে বেড়াতে এসেছেন এবং ৮১ জন ভাসানচর থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন তারাও একই জাহাজে ফিরে এসেছেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













