১২০৬ কোটিতে পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত দ্বিতল সড়ক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১০ ১৬:৫১:১৩
নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত দোতলা রাস্তা নির্মাণসহ প্রায় ১৭ কিলোমিটার সড়ক প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ২০৬ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৩৫৬ টাকা।
আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
এই সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন সাংবাদিকদের জানান, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ‘পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ’ প্রকল্পটি হাতে নিয়েছে। এক হাজার ২০৬ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৩৫৬ টাকায় এর পূর্ত কাজ দেওয়া হয়েছে শেনডং লুকিয়াও গ্রুপ ও চায়না শেনডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপকে।
সামসুল আরেফিন সাংবাদিকদের জানান, ব্যয়বহুল প্রক্রিয়ায় ভূমি অধিগ্রহণ না করে তারচেয়ে কম খরচে দোতলা সড়ক নির্মাণ করে সড়ক প্রশস্তকরণের পরিকল্পনাটি নেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের কিছু শিল্পঘন এলাকায় শিল্পের মালামাল পরিবহনসহ বিভিন্ন কারণে সড়কটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ। প্রকল্পের আওতায় ১০ দশমিক ৭৫ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে। ৯ দশমিক শূন্য ৬ কিলোমিটার হবে দোতলা রাস্তা। ৯ দশমিক ৩৫ কিলোমিটার অস্থায়ী সড়ক ও ১৭ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হবে সেখানে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













