রামগড় স্থল বন্দরের অবকাঠামো নির্মাণ শিগগিরই : নৌপরিবহন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১৪ ১৮:০২:৩৪
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, রামগড় স্থল বন্দর নির্মাণের লক্ষ্যে অবকাঠমো নির্মাণের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। শীঘ্রই এর অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি জেলার রামগড়ে ‘রামগড় স্থল বন্দর’ নির্মাণের স্থান পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রামগড় স্থল বন্দরের নিকট বাংলাদেশ-ভারতের মানুষের স্বপ্ন ‘মৈত্রী সেতু’ দু’দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। রামগড় স্থল বন্দর শুধু ব্যবসা-বাণিজ্য নয়, দু’দেশের সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৩ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশে রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। শেখ হাসিনার উন্নয়নের রোল মডেল শুধু দেশে নয়, বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আগামী ১৩ বছরে বাংলাদেশ বিশ্বে ২০ থেকে ২৫তম অর্থনীতির দেশে পরিণত হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আলমগীর হোসেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসিপ্রু চৌধুরী ও রামগড় স্থল বন্দর নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক সারাহ আলম।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













