আমার ইউক্রেন ছাড়ার খবর গুজব: ভিডিও বার্তায় জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৬ ১১:২৭:১৮
ফেসবুকে কিয়েভ থেকে একটি ভিডিও পোস্ট করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তাঁর রাজধানী ছাড়ার খবর নিতান্তই গুজব।
প্রেসিডেন্ট জেলেনস্কির মতোই যারা এখনও কিয়েভে আছেন, তাদের অনেকেই আশ্রয়ের জন্য মেট্রোর পাতাল স্টেশনগুলোকে বাঙ্কার হিসেবে ব্যবহার করছেন।
ইউক্রেনের এক সংবাদ উপস্থাপিকাকে বাঙ্কার থেকেই সংবাদ উপস্থাপন করতে দেখা গেছে। মানুষ তড়িঘড়ি করে জিনিসপত্র কেনায় খাবারের সঙ্কটের আশঙ্কা করছেন অনেকে। ডয়েচে ভেলে’র এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সারগেই ল্যাভরভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডা।
ইউক্রেন ন্যাটোর সদস্যপদ দাবি করার পর থেকে রাশিয়া এর বিরোধিতা করে আসছিল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের হুমকি-ধামকি আমলে না নিয়ে ইউক্রেনের দোনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের মর্যাদা দেয় রাশিয়া। এমনকি সেখানে ‘শান্তি প্রতিষ্ঠার জন্য’ সেনা পাঠানোরও ঘোষণা দেন পুতিন। এরপর বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা দেয় রাশিয়া।
ঘোষণার পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়। রাশিয়া হামলার বিষয়টি অস্বীকার করে ইউক্রেনের সামরিক অবকাঠামো, বিমান প্রতিরক্ষা ও বিমান বাহিনীর উন্নত অস্ত্রকে টার্গেট করা হচ্ছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে আরআইএকে জানায়।
আজ রাশিয়ার ইউক্রেন আক্রমণের তৃতীয় দিন চলছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














