সীমান্তে মদ্যপ অবস্থায় বিএসএফ সদস্যকে আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২৭ ১৯:৩৪:১৫


নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় থাকা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য দিলিপ কুমার (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ধামইরহাট উপজেলার কালুপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

এ বিষয়ে বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য দিলিপ কুমার ইউনিফর্ম পরিহিত অবস্থায় মদ্যপান করে মাতাল অবস্থায় বাংলাদেশে প্রবেশ করে চিৎকার-চেঁচামেচি শুরু করে। পরে ধামইরহাট উপজেলার কালুপাড়া এলাকায় গ্রামবাসীরা তাকে আটক করে স্থানীয় কালুপাড়া বিজিবি ক্যাম্পে সংবাদ দিলে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে-১৪ বিজিবি পত্নীতলার লে. কর্নেল এসএম নাদিম আরেফিন বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য দিলিপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। স্থানীয় গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলে। এরপর আমাদের খবর দিলে তাকে উদ্ধার করে আমাদের হেফাজতে নেওয়া হয়।

তিনি আরও বলেন, এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। দিলিপ বর্তমানে আমাদের হেফাজতে আছে। রোববার বিএসএফ-এর সঙ্গে পতাকা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সানবিডি/এনজে