আগ্নেয়াস্ত্রসহ ২ রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২৮ ১৮:০২:৫৪
কক্সবাজার টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ পাঁচ রাউন্ড গুলি এবং চার হাজার পিস ইয়াবা।
আজ সোমবার ভোরে উপজেলার হোয়াইক্যং চাকমারকুল ২২নং রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলো— ওই ক্যাম্পের রশিদ আহমেদের ছেলে আরকান (১৯) ও মৃত নুর আলমের ছেলে মহিবুল্লাহ (৩৭)।
সোমবার দুপুরে ১৬ এপিবিএন ব্যাটালিয়ন অধিনায়ক তারিকুল ইসলাম পিপিএম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভোরে গোপন খবর আসে ক্যাম্পের বি/০৩ ব্লকে কয়েকজন রোহিঙ্গা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। ওই সংবাদে চাকমারকুল ১৬এপিবিএন পুলিশ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ পাঁচ রাউন্ড গুলি ও চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













