ইউক্রেন-রাশিয়ার দ্বিতীয় দফা আলোচনা বুধবার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০১ ২০:১৫:১১


রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধের ইতি টানতে দেশে দুটির মধ্যে দ্বিতীয় দফা আলোচনা বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ইউক্রেনের সংবাদমাধ্যম জেরকালো নেদেলির বরাতে এই খবর জানায় রাশিয়ান বার্তা সংস্থা তাস।

এর আগে সোমবার বেলারুশে রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। তবে আলোচনার ফল আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কয়েক ঘণ্টাব্যাপী আলোচনা চলে। এর মধ্যে দুই বার ভেঙে যায় আলোচনা।

এ দিকে ইউক্রেনের সংবাদমাধ্যম গ্ল্যাভকম দেশটির প্রতিনিধি দলের সূত্রের বরাতে প্রথম দিনের আলোচনায় দুই দেশের দাবি দাওয়ার ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনকে ইউরোপীয় ব্লক থেকে নিজেদের বিরত রাখার  বিষয়ে প্রতিশ্রুতি চেয়েছে এবং এই বিষয়ের ওপর একটি গণভোট আয়োজনের দাবি করেছে। এ ছাড়া স্বাধীন দেশ হিসেব দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বীকৃতির দাবি করেছে এবং ক্রিমিয়ার দাবি ছাড়তে বলেছে।

অন্যদিকে ইউক্রেন যুদ্ধবিরতি ও রাশিয়ান সৈন্য প্রত্যাহারের দাবি করেছে।

সানবিডি/এনজে