একই পরিবারের ৪ জনের মৃত্যুর ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৩-০২ ১৭:০৩:৫৩


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আবাসিক ভবনে আগুন লেগে একই পরিবারের ৪ জনের মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে।

বুধবার (২ মার্চ) দুপুরে ভবন মালিক আলাই মিয়া মোল্লাকে প্রধান আসামি করে মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন নিহত মকবুল হোসেনের মা খোশেদা বেগম।

মামলার বাকি চার আসামি হলেন- আলাই মিয়া মোল্লার স্ত্রী সালমা আক্তার, দুই ছেলে মাহফুজ ও আলম এবং ভবনের দারোয়ান কবির মিয়া।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, দুপুর আড়াইটার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি রাত সোয়া ১০টার দিকে আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শরীয়তনগর এলাকায় আলাই মিয়া মোল্লার পাঁচতলা বিশিষ্ট আবাসিক ভবনে আগুন লাগে। ওই ভবনের নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন স্কুলশিক্ষক মকবুল হোসেন (৪০)। মকবুল আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের সফর মিয়ার ছেলে। ওই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মকবুল ও তার স্ত্রী রেখা বেগম (৩২) এবং তাদের দুই শিশু সন্তান জয় (০৯) ও জুবায়ের (০৭) মারা যান।