বেশি দামে পণ্য বিক্রি: পাঁচ দোকানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-০২ ১৭:৪৯:২৯
কুড়িগ্রাম জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে পাঁচ দোকানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (২ মার্চ) জেলা শহরের কালিবাড়ী ও জিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে অধিদফতরের কুড়িগ্রাম জেলা কার্যালয় সূত্র জানায়, শহরের গুরুত্বপূর্ণ কালিবাড়ী ও জিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সয়াবিন তেলের মূল্য তালিকা প্রদর্শন না করায় এনকে ট্রেডার্স ও বিআর এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা, সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য তালিকা ঘষে তুলে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে রিয়াজুল অ্যান্ড সন্সকে ১৫ হাজার টাকা, অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে আজমীর স্টোরকে দুই হাজার টাকা এবং সম্রাট কসমেটিকসকে আমদানি করা পণ্যের গায়ে আমদানিকারকের নাম, ঠিকানা ও সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এসব প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়া হয়।
অভিযানে কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম এবং সদর থানা পুলিশ সহযোগিতা করে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













