‘ইউক্রেনের পতন হলে ইউরোপও বাঁচতে পারবে না’

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০৫ ১১:৫৮:৩০


ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপীয় দেশগুলোর জনগণকে রাশিয়ার বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলার জন্য দেয়া এক ভাষণে বলেছেন, রাশিয়ার হাতে ইউক্রেনের পতন হলে সমগ্র ইউরোপের পতন হবে।

শুক্রবার (৪ মার্চ) রাতে জুম প্ল্যাটফর্মে ভাষণ দেন যা ইউরোপের বিভিন্ন শহরের জায়ান্ট স্ক্রিনে একযোগে প্রচারিত হয়।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ইউরোপীয় জনগণকে উদ্দীপ্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, আমরা যদি এ যুদ্ধে জয়লাভ করি তবে তা হবে গণতান্ত্রিক বিশ্বের জন্য একটি সার্বজনীন বিজয়। আর এতে আমাদের পতন হলে ইউরোপের কোনা দেশ বাঁচতে পারবে না।

জেলেনস্কি এ পর্যন্ত যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ইউরোপীয় নাগরিকদেরকে কিছুক্ষণ নীরবতা পালনের আহ্বান জানান। তিনি বলেন, যারা নিহত হয়েছেন তারা আপনাদেরই মহাদেশ-ইউরোপকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।