রাশিয়া-বেলারুশে লেনদেন স্থগিত করল চীনের ব্যাংক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০৫ ১৭:২৮:৩৪


ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাশিয়া নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে। রাশিয়া ও তার সহযোগী দেশ বেলারুশের সঙ্গে চীনের একটি ব্যাংক ব্যাংকিং লেনদেন স্থগিত করেছে। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের ‘ঘনিষ্ঠজন’দের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। খবর বিবিসি, সিএনএন ও রয়টার্সের।

গত সপ্তাহ থেকে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া সামরিক হামলা চালানোয় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকসহ অনেক গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা দিয়েছে। এরই ধারাবাহিকতায় রাশিয়া ও বেলারুশে চীনের শীর্ষস্থানীয় একটি উন্নয়ন ব্যাংক সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করেছে। এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) জানায়, বর্তমান অর্থনৈতিক ও আর্থিক পরিস্থিতির আলোকে দুই দেশের সঙ্গে সম্পর্কিত সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুরু থেকে রাশিয়ার পক্ষে চীন থাকলেও দেশটির ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে বোঝা যাচ্ছে- মস্কোর প্রতি সাহায্য সীমিত করছে বেইজিং।

এক বিবৃতিতে বেইজিংভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান এআইআইবি জানায়, চলমান পরিস্থিতির কারণে ব্যাংকের ব্যবস্থাপনা বিভাগ দেশ দুইটিতে কার্যক্রম স্থগিত করেছে। তবে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। বহুজাতিক ব্যাংকটি কি কারণে এ সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি। এর আগে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে জাপান। নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার নেতাদের ও তিনটি আর্থিক প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করার ঘোষণা দেয় দেশটি। জাপান রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকসহ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রমসভিয়াজব্যাংক ও ভেনেশেকোনম ব্যাংকের সম্পদ জব্দ করবে।

ইউক্রেন আক্রমণের জেরে নিষেধাজ্ঞা পেতে শুরু করেছে রাশিয়া। বৈশ্বিক ব্যাংকিং পেমেন্ট সিস্টেম সুইফট থেকে বাদ পড়ার পরপরই দেশটির মুদ্রা রুবলের রেকর্ড দরপতন হয়েছে। আর এ ধাক্কা সামলাতে সুদের হার দ্বিগুণেরও বেশি বাড়াতে বাধ্য হয়েছে রুশ কেন্দ্রীয় ব্যাংক। ধনী রাশিয়ানদের গোল্ডেন পাশপোর্ট সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের ‘ঘনিষ্ঠজনদের’ ওপর নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা।