পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৩-১৭ ২১:০০:৩৫


রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাজ্য ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে এক শ সেনাসহ স্কাই স্যাবর ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বৃহস্পতিবার এ কথা বলেছেন।

ব্রিটিশ সেনাদের তিন থেকে ছয় মাসের সংক্ষিপ্ত মেয়াদে ন্যাটো দেশ পোল্যান্ডে পাঠানো হবে।

এ বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, স্যাবর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পোলিশ আকাশসীমা রক্ষা করার জন্য পাঠানো হচ্ছে।

এটির উদ্দেশ্য সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক।

যুক্তরাষ্ট্র এবং জার্মানি এর মধ্যেই ন্যাটোর পূর্ব দিকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর মিত্রদের রক্ষার জন্য এটি ন্যাটোর বর্ধিত সামরিক প্রস্তুতির অংশ।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বিবিসিকে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে একজন ‘যুদ্ধাপরাধী’ তার  ‘খুব শক্তিশালী প্রমাণ’ রয়েছে।

পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের পরদিনই এ কথা বললেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। সূত্র : বিবিসি

সানবিডি/এনজে