রাশিয়া থেকে ৩ মিলিয়ন ব্যারেল তেল আনছে ভারতীয় কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-১৯ ১৭:৪৪:২৪


রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে ভারতের বৃহত্তম তেল কোম্পানি ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড ৩ মিলিয়ন ব্যারেল অশোধিত তেল আমদানির জন্য রাশিয়ার  এক তেল কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি একটি সূত্রের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে এই চুক্তি দেশ দুটির সরকার পর্যায়ে নয়, দুই কোম্পানির মধ্যে হয়েছে বলে ওই সূত্র জানায়।

ইউক্রেনে মস্কোর হামলার প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর তেল আমদানি নিষেধাজ্ঞাসহ নানা বিধিনিষেধ আরোপ করলেও রাশিয়ান তেল কোম্পানি থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ভারতীয় তেল কোম্পানিগুলোর ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলে ওই সূত্র দাবি করেছে।

ভারতের বৈধভাবে এনার্জি আমদানিকে রাজনীতিকরণ করা উচিত নয় এবং তেলে স্বয়ংসম্পূর্ণ দেশগুলো কিংবা যারা নিজেরাই রাশিয়া থেকে আমদানি করে, তারা  সীমাবদ্ধ বাণিজ্যের পক্ষ সমর্থন করতে পারে না বলে ভারত সরকারের একটি সূত্র  শুক্রবার এনডিটিভিকে জানিয়েছে।

কম দামে অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে রাশিয়ার দেওয়া প্রস্তাব ভারতের গ্রহণ করার সম্ভাবনা কতটুকু জানতে চাইলে গত সপ্তাহে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছিলেন, আমি মনে করি না এতে এর  (নিষেধাজ্ঞার) লঙ্ঘন হবে।  তবে এই মুহূর্তে ইতিহাসের বই লেখা হলে আপনি কোথায় দাঁড়াতে চান তা নিয়েও ভাবুন। রাশিয়ান নেতৃত্বের সমর্থন একটি আক্রমণের জন্য সমর্থন যা স্পষ্টতই একটি ধ্বংসাত্মক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছিলেন জেন সাকি।

এদিকে ওই সূত্র শনিবার জানিয়েছে, রাশিয়ান তেল কোম্পানির সঙ্গে অপরিশোধিত তেল আমদানির চুক্তিটি বর্তমান আন্তর্জাতিক বাজার বিবেচনা করে ভারতের কাছে সেরা মনে হয়েছে। এছাড়া রাশিয়ার কোম্পানি থেকে ভারতের কোম্পানির তেল আমদানির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই বলেও ওই সূত্র জানিয়েছে।

সানবিডি/এনজে