নগদে রাজস্ব আদায় করবে ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২০ ১৯:৫০:৫২
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আগামী মাসের শুরু থেকে অনলাইনে হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য রাজস্ব আদায় করতে ডিএনসিসি এবং নগদ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ রবিবার বেলা ৩টায় রাজধানীর গুলশান-২-এ (ডিএনসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের হলরুমে (লেভেল-৬) ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এ সময় ডিএনসিসি মেয়র বলেন, ‘ট্যাক্স প্রদানসহ অন্যান্য লেনদেন ব্যবস্থাকে সহজ, যুগোপযোগী ও ঝামেলামুক্ত করার লক্ষ্যে আমরা অনলাইনে লেনদেন পদ্ধতি অনুসরণ করতে যাচ্ছি। ১ এপ্রিল থেকে নগরবাসী ঘরে বসে খুব সহজে অনলাইনে নিজেই নিজের ট্যাক্স প্রদান করতে পারবে।
ঘরে বসেই অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স প্রদানসহ অন্যান্য লেনদেন করতে পারবেন। ‘
এ সময় তিনি বলেন, ‘রেভিনিউ অটোমেশনের এই অগ্রযাত্রায় ডিএনসিসির সাথে যুক্ত হয়েছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের মাধ্যম নগদ। আজ ডিএনসিসি ও নগদের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আমি নগদকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই ডিএনসিসির রাজস্ব বিভাগকে রেভিনিউ অটোমেশনের কাজটি বাস্তবায়নের জন্য। ‘
ডিএনসিসির পক্ষে প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া এবং নগদ লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














