গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি শুরু সোমবার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২০ ১৯:৫০:৩৭


গ্যাস বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে ১১৭ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাবের ওপর সোমবার থেকে গণশুনানির আয়োজন করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। রাজধানীর বিয়াম অডিটরিয়ামে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর প্রস্তাবের পর পাঁচ সদস্যবিশিষ্ট একটি পর্যবেক্ষক দল তা যাচাই করে গণশুনানির সূচি নির্ধারণ করে।

বিইআরসি আইন অনুযায়ী, গ্যাস খাতের অংশীজনের মধ্যে আগ্রহী প্রতিনিধিদের গণশুনানিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে কমিশন। শুনানি শেষে ৯০ দিনের মধ্যে পর্যবেক্ষক দল তাদের সিদ্ধান্ত জানাবে।

এদিকে বিইআরসি যদি গ্যাস বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব গ্রহণ করে, তাহলে রান্নার জন্য দুই চুলার সংযোগ ব্যয় ৯৭৫ টাকা থেকে বেড়ে দুই হাজার ১০০ টাকা হবে। আর এক চুলার ব্যয় ৯২৫ টাকা থেকে বেড়ে হবে দুই হাজার টাকা হবে।

এদিকে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সভায় গ্যাস কোম্পানিগুলোর প্রস্তাবিত দাম অযৌক্তিক বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

এএ