রাখাইনে রোহিঙ্গাদের ওপর সহিংসতা গণহত্যার শামিল: যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২১ ১৬:২৮:১০
মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর চালানো সহিংসতাকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বলে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো সহিংসতা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের শামিল বলে সিদ্ধান্তে পৌঁছেছে যুক্তরাষ্ট্র।
আজ সোমবার রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর সহিংসতাকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বলে যে সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন উপনীত হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।
যুক্তরাষ্ট্র এই প্রথম রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর সহিংসতাকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন গত বছরের ডিসেম্বরে মালয়েশিয়া সফরের সময় বলেছিলেন, রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের আচরণ গণহত্যা কি না, তা খুবই সক্রিয়ভাবে খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নৃশংস দমন-পীড়নের মুখে লাখো রোহিঙ্গা মুসলিম সে দেশ থেকে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














