পাকিস্তানে কাতার এয়ারওয়েজের বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২১ ১৭:২৮:০৪


ভারতের রাজধানী নয়া দিল্লি থেকে দোহাগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল বিষয়ক কর্তৃপক্ষের মুখপাত্র সাইফুর রেহমান জানিয়েছেন ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে বিমানটি অবতরণ করেছে। এ খবর দিয়েছে অনলাইন ডন। ওই মুখপাত্র নিশ্চিত করেছেন যে, পরে কাতার এয়ারওয়েজ বিকল্প একটি বিমান পাঠায় ২৮৩ জন আরোহীকে গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য।

এ বিষয়ে সাইফুর রেহমান বলেছেন, বিমানটির কার্গো এলাকায় ধোয়া দেখার পর জরুরি অবতরণের অনুমতি চান এর পাইলট। ওদিকে ইন্ডিয়া টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে, নয়া দিল্লির স্থানীয় সময় সোমবার ভোর ৩টা ২০ মিনিটে দিল্লি থেকে উড্ডয়ন করে কিউআর৫৭৯ ফ্লাইটটি। পরে সকাল ৫টা ৩০ মিনিটে তা করাচিতে অবতরণ করে। বিমান সংস্থাটি বিবৃতিতে বলেছে, তাদের বিমান করাচিতে নিরাপদে অবতরণ করে।

সেখানে জরুরি সার্ভিস দেয়া হচ্ছিল বিমানটিকে। আরোহীদের সিঁড়ি দিয়ে বের করে নেয়া হয়। বর্তমানে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যাত্রীদেরকে দোহা পৌঁছে দেয়ার জন্য বিকল্প পরিবহন বিমানের ব্যবস্থা করা হয়েছে। ওদিকে সাইফুর রেহমান জানিয়েছেন করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সানবিডি/এনজে