দুলছে ইমরানের ভাগ্য

প্রেসিডেন্সিয়াল রেফারেন্স নিয়ে সুপ্রিম কোর্টে পাক অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২১ ১৭:৪৭:৫২


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য পেন্ডলামের মতো দুলছে।কারণ, তার দলেই বিদ্রোহ দেখা দিয়েছে। বিরোধীরা তো আছেই, তার সঙ্গে যোগ দিয়েছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) কমপক্ষে ২৪ জন বিদ্রোহী সদস্য। তারা পার্লামেন্ট সদস্য। তারা বিরোধীদের সঙ্গে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেয়ার ঘোষণা দিয়েছে। জবাবে ইমরান খান তাদেরকে দলে ফিরে আসার আহ্বান জানিয়ে ফিরে এলে, ক্ষমা করে দেয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু তাতেও দৃশ্যত কোনো কাজ হচ্ছে না। এ অবস্থায় সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এটর্নি জেনারেল খালিদ জাবেদ খান।

তিনি প্রেসিডেন্সিয়াল এক রেফারেন্স উত্থাপন করেছেন আদালতে। সংবিধানের ৬৩ ধারার ‘ক’ অনুচ্ছেদ সম্পর্কে আদালতের মতামত চেয়েছেন তিনি। দলত্যাগী পার্লামেন্ট সদস্যদের অযোগ্য করার বিষয়ে এই ধারায় সিদ্ধান্ত হয়। দৃশ্যত, ইমরান খানকে বাঁচাতে এখন এসব সদস্যকে অযোগ্য ঘোষণা করতে হবে। তা না হলে তারা অনাস্থা প্রস্তাবে বিরোধীদের সঙ্গে যোগ দিলেই ইমরান খানের ক্ষমতার ইতি ঘটতে পারে। এ খবর দিয়েছে অনলাইন ডন।

প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল ও বিচারপতি মুনিব আখতারের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ আজ সোমবার এ আবেদন আমলে নিচ্ছেন। একই সঙ্গে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের (এসসিবিএ) করা আরেকটি আবেদনও রেফারেন্স হিসেবে আদালত আমলে নিচ্ছে। এসসিবিএর আবেদনে অনাস্থা ভোটকে সামনে রেখে পাকিস্তানের সম্ভাব্য নৈরাজ্য প্রতিরোধে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

এটর্নি জেনারেল যে রেফারেন্স উত্থাপন করেছেন অনুচ্ছেদের ৬৩ এর ‘ক’ ধারায় তাতে দুটি ব্যাখ্যার সুযোগ আছে। তার মধ্যে কোনটি ব্যবহার করা হবে সে বিষয়ে আদালতের মতামত চাওয়া হয়েছে।

সানবিডি/এনজে