আধুনিক সেবা দিতে ২০০ রেল কোচ কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-২২ ১৩:৫৬:২৫


রেলপথের যাত্রীদের আধুনিক,নিরাপদ ও আরামদায়ক সেবা দিতে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি প্যাসেঞ্জার ক্যারেজ (কোচ) কেনার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার।

এ লক্ষ্যে আজ মঙ্গলবার (২২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ ব্রডগেজ (বিজি) প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ শীর্ষক প্রকল্পটি অনুমোদনের জন্য তোলা হচ্ছে। অনুমোদন পেলে প্রকল্পটি বাস্তবায়ন করবে রেলওয়ে।

এই প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ১ হাজার ৭০৪ কোটি টাকা। প্রকল্পে ইআইবির ঋণ ১ হাজার ৩৩১ কোটি ২০ লাখ টাকা। বাকি অর্থ সরকারের কোষাগার থেকে মেটানো হবে।

এ বিষয়ে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ৪৬৭টি ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজ রয়েছে। যার মধ্যে ১৭৬টির আয়ুষ্কাল এরই মধ্যেই অতিক্রান্ত হয়েছে। রেলওয়ে মাস্টারপ্ল্যান অনুযায়ী আগামী ৩০-৩৫ বছরের মধ্যে বাংলাদেশের সব রেলওয়ে ট্রাক ব্রডগেজে রূপান্তর করা হবে। এজন্যই প্রকল্পটি গ্রহণ করা হবে। প্রকল্পটি অনুমোদনের পর পাঁচ বছরে বাস্তবায়ন করা হবে।

সানবিডি/ এনজে