রাশিয়ায় ভিয়েতনামের বিমান চলাচল স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২৩ ১৫:৩৩:৫৫


ইউক্রেনের আগ্রাসনকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে সব ধরণের বিমান চলাচল স্থগিত করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। ২৫ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে ভিয়েতনামের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময়ের মধ্যে ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে রাশিয়া চলাচলকারী সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে।

আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় ভিয়েতনাম নিউজ এজেন্সির (ভিএনএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতাভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরা।

এ বিষয়ে রাষ্ট্রীয় ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানিয়েছে, রাশিয়ার সঙ্গে ভিয়েতনামের বিমান চলাচল সম্পর্কিত পদ্ধতি, প্রয়োজনীয়তা এবং নিয়মাবলী পর্যালোচনা করার জন্য স্থগিতাদেশ আরোপ করা হয়েছে।

রাশিয়া ও ভিয়েতনামের মধ্যে সাবেক সোভিয়েত ইউনিয়ন যুগ থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান পরিচালনার ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রকাশ্য বিরোধিতা কিংবা নিন্দা প্রকাশ করেনি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।

সানবিডি/এনজে