এবারের এসএমই পণ্য মেলা ৬ বিভাগে, রংপুরে শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২৩ ২০:১৩:৪৯


এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন প্রতি বছর ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা’ আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় এবার দেশের ৬টি বিভাগে ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।

এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এবং বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ বাস্তবায়ন করবে জেলা প্রশাসন। এ মাসেই মেলা আয়োজন করা হবে রংপুর, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে।

আগামীকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) রংপুর টাউন হল ময়দানে বিভাগীয় এসএমই পণ্য মেলা শুরু হয়ে চলবে ৩০ মার্চ পর্যন্ত।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা এবং বিশেষ অতিথি এসএমই ফাউন্ডেশনের পরিচালক মির্জা নুরুল গণী শোভন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক।

এছাড়া খুলনা সার্কিট হাউজ ময়দানে ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত, সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল এবং ময়মনসিংহ টাউন হল ময়দানে ৭ এপ্রিল শুরু হয়ে মেলা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।

বরিশাল ও রাজশাহীতে বিভাগীয় এসএমই পণ্য মেলা আয়োজন করা হতে পারে মে/জুন মাসে। প্রতিটি মেলায় ৫০ থেকে ৫৫জন করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা পণ্য ও প্রদর্শন ও বিক্রয় করতে পারবেন। এসব মেলায় কোন বিদেশী, নকল, অশোভন এবং মানহীন পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রয় করা যাবে না।

উল্লেখ্য, এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এ যাবত ১২৩টি আঞ্চলিক এসএমই পণ্য মেলায় প্রায় সাড়ে ৩ হাজার উদ্যোক্তা পণ্য প্রদর্শন ও বিক্রয় করেছেন।

এসএ/