টিপু হত্যার রহস্য শিগগিরই উদঘাটন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-২৬ ১৫:২৭:৩২


রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগনেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের রহস্য শিগগিরই উদ্‌ঘাটন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজারবাগ পুলিশ লাইনসে শনিবার (২৬ মার্চ) সকালে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে এখনই মন্তব্য করতে চাননি তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। যারাই এ ঘটনায় জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অবশ্যই এর পেছনে কারা, নাটের গুরু কারা, কারা ঘটনা ঘটিয়েছে, সব কিছুই খোলসা করে আপনাদের জানিয়ে দেব।’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পলিটিক্যাল কিলিংয়ের বিষয়ে আমরা এখনই কোনো মন্তব্য করতে চাই না। আমরা আশা করি, খুব শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করতে পারব।’