সিঙ্গাপুর-কম্বোডিয়াও ডিজিটাল মুদ্রা চালু করতে কাজ করছে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২৮ ০৯:৫৫:১২


বিশ্বজুড়ে বাড়ছে ডিজিটাল মুদ্রার ব্যবহার। দু-একটি ছাড়া বেশির ভাগ দেশ ভার্চুয়াল মুদ্রাকে আইনিভাবে অনুমোদন দেয়নি। তার পরও ক্রিপ্টোকারেন্সি-ইথেরিয়ামের মতো মুদ্রার ব্যবহার ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় অনেক কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব মুদ্রার ডিজিটাল সংস্করণ চালু করতে কাজ করছে। এমন উদ্যোগে যুক্ত হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ সিঙ্গাপুর ও কম্বোডিয়াও সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) চালু করতে কাজ করছে। খবর ব্যাংকক পোস্ট।

বিশেষজ্ঞরা বলছেন, অর্থ প্রদান সহজ করতে এবং স্টার্টআপ ও ই-কমার্স ব্যবসা উৎসাহিত করতে ডিজিটাল মুদ্রার ব্যবহার করতে চাইছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ। তুলনামূলক অল্প বয়সী জনসংখ্যা এবং ইন্টারনেট ও সেলফোন ব্যবহারের উচ্চ হারের কারণে এ অঞ্চলের ডিজিটাল পেমেন্ট, ই-কমার্স ও ক্রিপ্টোকারেন্সিতে প্রচুর স্টার্টআপ আসছে।

বিআইএস ইনোভেশন হাবের হংকং কেন্দ্রের প্রধান বেনেডিক্ট নোলেনস একটি প্যানেল আলোচনায় বলেন, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়া অত্যন্ত উর্বর ভূমি। যখন আপনি অনলাইনভিত্তিক ই-কমার্সের বৃদ্ধি দেখতে পাচ্ছেন, তখন আপনি অর্থ প্রদানের নতুন পদ্ধতির বৃদ্ধিও দেখতে পাবেন। বিষয়গুলো একটি আরেকটির সঙ্গে গভীরভাবে জড়িত।

সিবিডিসি এশিয়ায় ব্যাপকভাবে জনপ্রিয় উঠছে। ২০১৪ সালে চীন ই-ইউয়ান তৈরিতে কাজ শুরু করে। যেখানে হংকং নিজস্ব ই-এইচকেডি চালু করতে পর্যালোচনা করছে। শহরটির কেন্দ্রীয় ব্যাংক হংকং মনিটারি অথরিটি পিপলস ব্যাংক অব চায়না, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিবিডিসি সেটেলমেন্ট প্লাটফর্ম তৈরির জন্য এমব্রিজ নামের একটি প্রকল্প নিয়ে কাজ করছে।

এদিকে ডিজিটাল মুদ্রা চালুর ঘোষণা দিয়েছে সিঙ্গাপুরও। দেশটি অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় ব্যাংকগুলোর সঙ্গে বিআইএস ইনোভেশন হাবসহ আন্তঃসীমান্ত লেনদেনের জন্য প্লাটফর্ম তৈরিতে কাজ করছে। দেশটির এ প্রকল্পের নাম দেয়া হয়েছে প্রজেক্ট ডানবার।

দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ কম্বোডিয়াও ডিজিটাল অর্থনীতি বিকাশে কাজ করছে। ন্যাশনাল ব্যাংক অব কম্বোডিয়ার সহকারী গভর্নর সেরেই চেয়া বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইন্টারনেট অর্থনীতি বিস্তৃত করার অনেক সুযোগ রয়েছে। ১ কোটি ৬০ লাখ জনসংখ্যার ছোট এ দেশে প্রায় দুই কোটি সেলফোন সাবস্ক্রিপশন রয়েছে। আমাদের দেশে এক ব্যক্তিকে দুই বা তিনটি সেলফোন সাবস্ক্রিপশন দেয়া হয়।

সানবিডি/এনজে