সৈকতে ভেসে উঠল মৃত ডলফিন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-২৮ ১৬:১৬:১৯


পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থ সাইজের একটি মৃত ডলফিন। সোমবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে সৈকতের জাতীয় উদ্যান পয়েন্টে এটি ভেসে আসে। তবে কী কারণে সামুদ্রিক এ প্রাণীটির মৃত্যু হয়েছে, সেটা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি।

জানা গেছে, আজ সোমবার সকালে মৃত ডলফিনটিকে সৈকতের জাতীয় উদ্যান পয়েন্টে ভাসতে দেখে স্থানীয়রা। এ সময় তারা বিষয়টি ডলফিন রক্ষা কমিটির সদস্যদের জানায়। এ সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটি তীরে নিয়ে আসে। তাদের ধারণা, ডিলফিনটির ৭ থেকে ৮ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে। এটির বয়স অনেক কম। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে শরীরের উপরিভাগের চামড়া কিছুটা উঠে গেছে।

ওয়ার্ল্ডফিস ইকোফিসের সহকারী গবেষক সাগরিকা স্মৃতি জানান, এভাবে সাগর থেকে প্রতিনিয়ত মৃত প্রাণী ভেসে আসায় আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে জেলেদের সামুদ্রিক জৈববৈচিত্র্য রক্ষায় প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। আমারা জেলেদের প্রশিক্ষণের ব্যাপারে একটি প্রকল্প হাতে নিয়েছি।

ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু জানান, আজ সোমবার সকালে এ সংবাদ শোনামাত্রই আমরা ঘটনাস্থলে যাই। প্রাণীটি কী কারণে মারা গেছে, সেটি এখনই বলা যাচ্ছে না। মৃত্যুর রহস্য উন্মোচনে এটির নমুনা সংগ্রহ করে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া জীববৈচিত্র্য নিয়ে কাজ করা ওয়ার্ল্ডফিসের গবেষকদের খবর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ মার্চ সৈকতের তিন মোহনা পয়েন্টে দুটি এবং এর আগে ২২ মার্চ ঝাউবাগান পয়েন্টে দুটি মৃত মা কচ্ছপ ভেসে এসেছিল।