ধানখেত থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৩-২৮ ১৬:২৬:৩৩
সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের ধানখেত থেকে এক স্কুলছাত্রীর (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ মার্চ) সকাল ৬টায় ওই গ্রামের একটি ধানখেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্রী জালালাবাদ গ্রামের সোহারাব হোসেনের মেয়ে সেঁজুতি খাতুন (১৫)। তিনি কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহত স্কুলছাত্রীর বাবা জানান, রোববার (২৭ মার্চ) স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি। সারাদিন তাকে না পেয়ে রাতে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে আজ সোমবার সকালে জালালাবাদ গ্রামের ধানখেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মৃধা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাত বেঁধে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ কিছু ক্লু উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













