ইউক্রেনে ১৭ হাজার ২শ রাশিয়ান সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৩-২৯ ১৬:০৭:২৯
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউক্রেনে এখন পর্যন্ত রাশিয়ার ১৭ হাজার ২শ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
এ বিষয়ে ইউক্রেনের সামরিক বাহিনী সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে জানিয়েছে, সেখানকার সংঘাতে ৫৯৭টি ট্যাঙ্ক, ১ হাজার ৭১০টি সামরিক যান, ১২৭টি যুদ্ধবিমান, ১২৯টি হেলিকপ্টার এবং সাতটি জাহাজ হারিয়েছে রাশিয়া।
এর আগে গত শুক্রবার মস্কোর পক্ষ থেকে জানানো হয় যে, ইউক্রেন যুদ্ধে ১ হাজার ৩৫১ জন সৈন্যকে হারিয়েছে তারা।
এদিকে দেশটির অবরুদ্ধ মারিউপোল শহরে রাশিয়ার হামলার শুরু থেকে এখন পর্যন্ত কমপক্ষে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ওই শহরের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে রাশিয়া ক্রমাগত গোলাবর্ষণ করতে থাকায় এসব মরদেহ সরিয়ে আনা সম্ভব হয়নি। খবর আল জাজিরার।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা তেতিয়ানা লোমাকিনা এখন মানবিক করিডোরের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, শহরের এই ধ্বংসযজ্ঞ পরিস্থিতি বিবেচনা করে দেখা যাচ্ছে হয়তো ১০ হাজারের মতো মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে।
তিনি বলেন, রাশিয়া ক্রমাগত গোলাবর্ষণ চালিয়ে যাওয়া ১০ দিন ধরে কোনো মরদেহ সরিয়ে নেওয়া যাচ্ছে না।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














