সামরিক অভিযানে লাগাম টানার ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-২৯ ২১:২৬:৫৫


তুরস্কের ইস্তাম্বুলে সমঝোতা বৈঠকের পর ইউক্রেনে সামরিক অভিযানে কিছুটা লাগাম টানার ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এরআশপাশের এলাকা এবং চেরনিহিভে হামলা কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। তুরস্কের ইস্তানবুলে দ্বিতীয় দফা রুশ-ইউক্রেন বৈঠক শেষে এই ঘোষণা দেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী।

আলেক্সান্দার ফোমিন বলেছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে চলমান আলোচনায় আস্থা তৈরি এবং পরবর্তী সমঝোতার পথ তৈরির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার আগে আজ বাংলাদেশ সময় দুপুর ১টায় ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ প্রতিনিধিরা দ্বিতীয় দফায় মুখোমুখি বৈঠকে বসে। তিনঘন্টার বৈঠকে, অবিলম্বে যুদ্ধ বন্ধ, রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা তুলে দেয়া, তেল বাণিজ্য-সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। দ্রুত যুদ্ধবিরতির আহবান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।

এরআগে, চলমান শান্তি আলোচনার অন্যতম সংগঠক রুশ ধনকুবের ও চেলসি ফুটবল ক্লাবের মালিক রোমান আব্রামোভিচকে বিষপ্রয়োগের অভিযোগ আনে মস্কো। গেলো ৩ মার্চের বৈঠকে বিষপ্রয়োগের কারণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ ঘনিষ্ঠ বিত্তশালীর চোখ জ্বালাপোড়া করা সহ গায়ের চামড়া উঠে গেছে বলে অভিযোগ করেছে মস্কো। অবশ্য, এখন সুস্থ আছেন আব্রামোভিচ। পাল্টা অভিযোগে কিয়েভ জানায়, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিশেষ এ রুশ প্রতিনিধিকে নিয়ে মিথ্যাচার করছে ক্রেমলিন। সেদিনের পর থেকে ইউক্রেনের দুই প্রতিনিধিও অসুস্থ বলে দাবি করা হয়।

এএ