ইউক্রেনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৩-৩০ ১৮:১১:৫৯


তুরস্কের ইস্তানবুলে গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) আলোচনায় বসেছিল ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল। রাশিয়া ও ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের মধ্যকার আলোচনা গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে গতকালের প্রতিবেদনে বলা হয়। তবে এর একদিন পর বুধবার (৩০ মার্চ) ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, সর্বশেষ আলোচনা ‘ফলপ্রসূ’ হয়নি।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রিপোর্টারদের বলেন, ইস্তানবুলে আলোচনায় ইউক্রেন যে লিখিত প্রস্তাব দিয়েছে তা ‘ইতিবাচক ঘটনা’। কিন্তু আমরা বলতে পারিনা সেখানে আশাব্যঞ্জক বা ফলপ্রসূ কিছু হয়েছে।

পেসকভ বলেন, ‘বৈঠকে আলোচনা করা বিষয়গুলো নিয়ে আমরা সাবধানে বিবৃতি দেওয়া এড়িয়ে চলি কারণ আমরা বিশ্বাস করি আলোচনা নীরবেই হওয়া উচিত।

গতকাল ইউক্রেনের আলোচকরা বলেন, তারা ইস্তাম্বুলে রাশিয়ার সঙ্গে আলোচনায় নিরাপত্তা গ্যারান্টির জন্য নিরপেক্ষ অবস্থান গ্রহণের প্রস্তাব করেছে। এর অর্থ ইউক্রেন সামরিক জোটে যোগ দেবে না বা কোনো দেশের সামরিক ঘাঁটি স্থাপন করবে না। আল জাজিরা, টাইমস অফ ইসরায়েল