নিজ বন্দুকের গুলিতে বৃদ্ধের আত্মহত্যা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-৩০ ১৯:১১:৫১
নওগাঁর পত্নীতলায় নিজ বাড়ির ছাদে লাইসেন্সকৃত বন্দুকের গুলিতে আত্মহত্যা করছেন ইয়াকুব আলী (৫৫) নামের এক বৃদ্ধ। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার আকবরপুর ইউনিয়নের চেরাডাঙা গ্রামের নিজ বাড়ির ছাদে গলায় বন্দুক ঠেকিয়ে তিনি আত্মহত্যা করেন।
পত্নীতলা থানা পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন। ইয়াকুব একই গ্রামের মৃত আব্দুল হামিদের চার ছেলের মধ্যে ছোট ছিলেন। ইয়াকুবের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান- দুপুরের দিকে হঠাৎ ইয়াকুবের বাড়ি থেকে তারা একটি গুলির শব্দ শোনেন। এরপর তার বাড়ির ছাদে ছুটে গিয়ে দেখেন ইয়াকুব ছাদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পাশে তার লাইসেন্সকৃত একনলা বন্দুক পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেন। বেশ কিছু দিন থেকে তাদের বাবার সম্পত্তি নিয়ে পারিবারিক কলহ চলছিল বলে জানান স্থানীয়রা।
এদিকে পত্নীতলা থানা অফিসার ইনচার্জ (ওসি ) সামসুল আলম শাহ্ বলেন – খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াকুবের লাশ এবং পাশে থাকা একনলা বন্দুক উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শেষে ইয়াকুব তার নিজ বন্দুক গলায় ঠেকিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে। পোস্টমর্টেমের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় ইয়াকুবের স্ত্রী একটি অপমৃত্যুর মামলা করেছেন বলে জানান ওসি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













