চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ফ্লাইওভার দ্রুত বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-৩১ ২০:০৩:২১


বন্দরনগরী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া কেরানীহাটে ফ্লাইওভার নির্মাণের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। একইসঙ্গে এ মহাসড়ককে ছয় লেনে রূপান্তরেরও ঘোষণা দেন।

আজ বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে লবণ বোঝাই ট্রাক চলাচলের কারণে দুর্ঘটনা বাড়ছে। এছাড়া অদক্ষ ড্রাম ট্রাক চালকরাও দুর্ঘটনার জন্য অনেকাংশে দায়ী।

এ সময় তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটে ফ্লাইওভার নির্মাণে আমার দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন হবে। এছাড়া সড়কটি ৬ লেন সড়ক নির্মাণ করা হবে। এরপর সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। এ সময় দুর্ঘটনারোধে সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশকে দ্রুত সাময়িক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।

সানবিডি/এনজে