গাজীপুরে টুটুল হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-৩১ ২০:৪২:৪৬
গাজীপুর একটি হত্যা মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আবেদা সুলতানা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন গাজীপুর মহানগরীর চাবাগান এলাকার মঙ্গল আলীর ছেলে মো. শাহ পরান (১৮), কালিয়াকৈরের বক্তারপুর এলাকার মো. নুরুল আমিনের ছেলে মো. সাজ্জাদ ওরফে বাঘা (১৮) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদরের দত্তপাড়া এলাকার মৃত আ. রহমানের ছেলে জাহাঙ্গীর (২২)। রায়ে দণ্ডপ্রাপ্ত ওই তিন আসামি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
এ বিষয়ে গাজীপুর জজ আদালতের অতিরিক্ত পিপি মো. আতাউর রহমান খান জানান, ২০১৬ সালের ১ নভেম্বর দুপুরে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে জেলা শহরের মুন্সিপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের ছেলে মো. টুটুলকে (২৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন নিহতের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বাদি হয়ে আটজনকে আসামি করে তৎকালীন জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ১৮ এপ্রিল ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার বিকালে আদালত ওই তিন আসামিকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করেন। মামলায় অপর দুই আসামি ইমরান ও সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করা হয়।
মামলায় রাস্ট্রপক্ষে ছিলেন গাজীপুর জজ আদালতের অতিরিক্ত পিপি মো. আতাউর রহমান খান এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রশিদ ও অ্যাডভেকেট মো. রিপন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













