ইউক্রেনকে আরও ৩০০ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৪-০২ ১৬:১৮:১৪
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে আরও নিরাপত্তা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এ তথ্য জানান। খবর বিবিসি ও তাসের।
কিরবি জানান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনকে আরও ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেবে।
এ নিরাপত্তা সহায়তার মধ্যে রয়েছে—লেজার গাইডেড রকেট সিস্টেম, কৌশলগত ড্রোন, হামভি, নাইট ভিশন গগলস, মেশিন গান ও ওষুধ।
পাঁচ সপ্তাহ আগে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ১.৬ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিল।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নতুন তহবিল ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে নতুন সক্ষমতা প্রদানের জন্য একটি চুক্তি প্রক্রিয়ার শুরুর প্রতিনিধিত্ব করে’।
এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় রাশিয়া ও বেলারুশের প্রতিরক্ষা, মহাকাশ ও নৌ খাতের ১২০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো বলেন, ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের হামলার সিদ্ধান্ত তার দেশ ও বাণিজ্যকে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে এবং নতুন নিষেধাজ্ঞা এ বিচ্ছিন্নতাকে আরও ভয়াবহ করে তুলবে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর পর থেকে ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়াকে এক ঘরে করার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। নিষেধাজ্ঞা, কূটনীতিকদের বহিষ্কার, সম্পদ জব্দ, ইউক্রেনকে অস্ত্র সহায়তা এর মধ্যে অন্যতম।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














