ঈদের আগেই গার্মেন্টস কর্মীদের বেতন-বোনাস দেয়ার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১১ ২১:০৮:০৫
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগে গার্মেন্টস কর্মীদের এপ্রিল মাসের ১৫ দিনের বেতনসহ বকেয়া পরিশোধ করতে হবে। একই সঙ্গে ঈদের আগেই তৈরি পোশাকসহ প্রতিটি কারখানার শ্রমিকদের বোনাস দিতে হবে। এ সময়ে জরুরি রফতানি থাকলে শ্রমিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ছুটি পরিবর্তন করতে পারবেন মালিকরা।
আজ সোমবার সরকার-মালিক-শ্রমিক সমন্বয়ে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের(টিসিসি) ৭১তম এবং আরএমজি টিসিসি’র ১২তম সভায় এসব সিদ্ধান্ত হয়।
রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর সভাপতিত্বে মন্ত্রণালয়ের টিসিসি’র এই সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে প্রেস ব্রিফিং এ শ্রম প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টসসহ রাষ্ট্রায়ত্ত, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের ঈদের বোনাস, চলতি (এপ্রিল) মাসের অন্তত ১৫ বেতন এবং যদি বকেয়া থাকে তা সহ ঈদের ছুটির আগেই প্রদান করতে হবে। শ্রমিকদের ঈদের ছুটি সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে দিতে হবে। তবে জরুরি রফতানির প্রয়োজনে শ্রমিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে মালিকরা ছুটি এদিক ওদিক করতে পারবেন।
তিনি বলেন, শ্রমঘন এলাকায় শ্রমিকদের বেতন-বোনাস প্রদানের সুবিধার্থে ছুটির দিনেও ব্যাংক খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবরে পত্র দেয়া হবে। শ্রমিকরা যাতে ঈদের ছুটিতে ভালোভাবে, নির্বিঘ্নে ঈদে যাতায়াত করতে পারেন সেজন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের আহবান জানান শ্রম প্রতিমন্ত্রী। এ সময় ভালোভাবে ঈদ উদযাপনে মালিক-শ্রমিক সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো.এহছানে এলাহী, অতিরিক্ত সচিব জেবুন্নেছা করিম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুসরাত জাবীন বানু, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














