রেলের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-১৩ ১২:৫৪:১০


বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ সমিতি মাইলেজ বেতন,পেনশন ও আনুতোষিক হিসাব সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে সারাদেশে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে।আজ বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় কমলাপুর রেল স্টেশনে গিয়ে রেলমন্ত্রীর আশ্বাসের পর তারা এই ধর্মঘট প্রত্যাহার করেন।

রেলওয়ের রানিং স্টাফ (চালক-গার্ড) ও শ্রমিক-কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবাইকে নিজ নিজ কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।

এ সময় রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘আমরা কর্মচারীদের পক্ষে। তাদের দাবি-দাওয়া নিয়ে আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখেছিলাম। সে বিষয়ে কিছু আলাপ আলোচনার বিষয় রয়েছে। আগামী ১৮ তারিখ প্রধানমন্ত্রী আমাকে সময় দিয়েছেন। আমরা আশা করছি, এই সময়ের মধ্যেই বিষয়টির সমাধান পেয়ে যাবো। আগের মতো রেলের রানিং স্টাফরা যে সব সুযোগ-সুবিধা পেয়ে আসছিল, তারা সেই সুযোগ সুবিধা পাবে। যেসব দাবি আদায়ের জন্য কর্মচারীরা ধর্মঘট ডেকেছে, আমি আশা করছি তাদের সেই দাবিগুলো পূরণ হয়ে যাবে।’

সানবিডি/এনজে