পদ্মায় আকস্মিক পানি বৃদ্ধি
ফরিদপুরে হাজার একর জমির ধান তলিয়ে গেলো পানির নিচে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৮ ০৯:৫০:৫২
পদ্মা নদীতে আকস্মিক পানি বৃদ্ধির ফলে ফরিদপুরের চরভদ্রাসনে অন্তত এক হাজারের অধিক একর জমির পাকা বোরো ও আউশ ধান ডুবে গেছে। এতে উপজেলার প্রায় পাঁচশ কৃষক চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধান ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ভুক্তভোগী কৃষকরা।
এই উপজেলার পদ্মা চরের নিম্নাঞ্চলের মাঠে শীত মৌসুমের শেষ দিকে এসব ধান আবাদ করা হয়েছিল। হঠাৎ উজান থেকে পাহাড়ি ঢলের পানি নেমে এসে উপজেলার পদ্মার বুকজুড়ে বিস্তীর্ণ পাকা ধানের মাঠ ডুবিয়ে দিয়ে গেছে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, গত শীত মৌসুমের শেষ দিকে উপজেলার বিভিন্ন চর এলাকার নিম্নাঞ্চলের অল্প পানির জমিতে বোরো ধান রোপন করা হয়। এছাড়া চরাঞ্চলের পাঁচ শতাধিক একর জমিতে আউশ ধান রোপন করা হয়। চলতি মাসে এসব ধান পাকা শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করে পানি বৃদ্ধির ফলে পদ্মা চরের কৃষকদের সোনালী স্বপ্ন পানির নিচে ডুবে গেছে।
এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, পদ্মার চরের ক্ষতিগ্রস্ত ধানের বিবরণী তৈরী করে ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কোনো বরাদ্দ এলে তাদের মধ্যে বিতরণ করা হবে।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হযরত আলী বলেন, প্রকৃতির ওপর কারো হাত নেই। সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষক ও তাদের ক্ষতির পরিমাণের তালিকা করতে। আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নিয়ম কানুন অনুসারে ক্ষতিপূরণ বরাদ্দের জন্য চেষ্টা করা হবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













