১০ কোটি ৬৫ লাখ টাকার মাদকসহ ২ রোহিঙ্গা আটক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-০২ ১৪:৩০:৫৫
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ কেজি ৭১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে করেছে বিজিবি। তবে জব্দ করা মাদকের মূল্য ১০ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা।
সোমবার (২ মে) সকালে ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১ মে) রাত দেড়টার দিকে উপজেলার জীম্বংখালী এলাকার পার্শ্ববর্তী নাফনদীতে এ অভিযান চালানো হয়। এ সময় দুই রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, কক্সবাজারের উখিয়া ১৮ ও ১১ নম্বর বালুখালি ক্যাম্পে বসবাসকারী বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক মো. নূর কবির (৩০) ও মো. রহিমুল্লাহ (২৪)।
জানা গেছে, রোববার (১ মে) রাতে গোপন খবর পেয়ে ২-বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল দল টেকনাফের জীম্বংখালী বিওপির পূর্ব দিকে নাফ নদী এলাকায় দীর্ঘ সময় ধরে অপেক্ষারত থাকে। পরে রাত দেড়টার সময় টহল দল ৩ চোরাকারবারিকে মিয়ানমার থেকে একটি কাঠের নৌকায় বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে চ্যালেঞ্জ করে।
এদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে একজন চোরাকারবারি লাফিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। এ সময় বিজিবি টহল দল নৌকাটিকে চারদিক থেকে স্পিড-বোটের মাধ্যমে ঘেরাও করে অপর দুই চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়।
২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, আটককৃতদের তথ্যের ভিত্তিতে নৌকার পাটাতনের নিচ থেকে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা একটি বস্তা থেকে ২ কেজি ৭১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













