লঘুচাপ পরিণত হতে পারে নিম্নচাপে
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৫-০৭ ১৫:৫৩:০৬
দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপটি আজ শনিবার রাতে কিংবা কাল রবিবার সকালে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সেটা যদি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তাহলে এর নাম হবে ‘অশনি’।
এরই মধ্যে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু করেছে সরকার।
গত বৃহস্পতিবারই ঘূর্ণিঝড় মোকাবেলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রয়োজনীয়সংখ্যক আশ্রয়কেন্দ্র, স্বেচ্ছাসেবক ও ত্রাণ প্রস্তুত রাখা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক শুক্রবার রাতে বলেন, ‘দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হওয়ার আগ পর্যন্ত এর গতিপথ পরিমাপ করা যাচ্ছে না। তবে এটি আরো ঘনীভূত হয়ে শনিবার রাতে বা রবিবারে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এখন পর্যন্ত এই লঘুচাপের গতিপথ ভারতের ওড়িশা অভিমুখে রয়েছে। ’
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঘূর্ণিঝড়টি যদি ওড়িশায়ও আঘাত হানে তাহলে বাংলাদেশেও এর প্রভাব পড়বে। বিশেষ করে সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকাগুলোতে এর প্রভাব বেশি পড়তে পারে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আর যদি এই ঘূর্ণিঝড়ের গতিপথ কিছুটা পরিবর্তন হয়ে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে ঝোঁকে, তাহলে আরো বড় ধরনের প্রভাব পড়তে পারে।
এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস গতকাল সামুদ্রিক সতর্কবার্তায় জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তত্সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পরবর্তী নির্দেশনা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













