রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-০৯ ১৬:৩৩:৩৩


রাজধানীর কলাবাগানে বাসের ধাক্কায় উজির আহমেদ (৭২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৯ মে) সকালে কলাবাগান মেডিক‌্যাল স্টাফ কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে নিহতের ছেলে মো. আব্দুল মাজেদ আহমেদ বলেন, ‘আমার বাবা তার ছোট নাতি তানজিনকে নিয়ে মাদরাসায় যাচ্ছিলেন। মেডিক‌্যাল স্টাফ কোয়ার্টারের সামনে একটি অপেক্ষামান সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে কথা বলছিলেন।

এসময় সাভার পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আমার বাবা গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব‌্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ’

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার উপ-পরিদর্শক এসআই সাইদুর রহমান বলেন, ‘যাত্রীবাহী বাস ও সিএনজিটি জব্দ রয়েছে। বাসচালক পালিয়ে গেছে। ’

দুর্ঘটনার পর সিএনজিচালক চান মিয়া সামান্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত উজির আহমেদ কুমিল্লা জেলার লাকসাম উপজেলার আউশ পাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত মোহাম্মদ আলী। বর্তমানে কলাবাগান স্টাফ কোয়াটার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিন ছেলে ও ৫ মেয়ের জনক ছিলেন তিনি। পেশায় তিনি ফুচকা বিক্রেতা ছিলেন বলে জানা গেছে।

সানবিডি/এনজে