গাজীপুরে অভিযান, ৭ হাজার ১৫৮ লিটার সয়াবিন তেল জব্দ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-১০ ১৯:০০:৪৪
গাজীপুরে পৃথক ২টি গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ৭ হাজার ১৫৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এক গোডাউন থেকে ২ হাজার ৫৮ লিটার, এছাড়া অন্য একটি গোডাউন থেকে ৫ হাজার ১০০ লিটার খোলা তেল জব্দ করা হয়। এসময় গুদাম মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১০ মে) দুপুরে বোর্ড বাজারের মনির ট্রেডার্স ও মেসার্স আর পি ট্রেডার্সের গুদামে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল জব্বার মণ্ডল বলেন, অবৈধভাবে সয়াবিন তেল মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে বোর্ডবাজার এলাকায় মান্নান টাওয়ারে অবস্থিত মেসার্স মনির জেনারেল স্টোরে অভিযান পরিচালনা করা হয়। দোকান মালিক তার গুদামে এক লিটার, দুই লিটার ও পাঁচ লিটার পরিমাণের বোতলজাত দুই হাজার ৫৮ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত করে রেখেছিলেন। এসব তেল ঈদের আগে কম দামে ক্রয় করে মজুদ করে রাখা হয়েছিল অতিরিক্ত মুনাফায় বিক্রি করার উদ্দেশ্যে। বাজারে সংকট তৈরি করে দোকান মালিক বর্তমান বেশি মূল্যে বিক্রি করছিলেন। এ কারণে দোকান মালিক মনির হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়াও বোর্ডবাজার এলাকায় আরপি ট্রেডার্স নামে আরো একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে গোডাউন থেকে ৫ হাজার ১০০ লিটার খোলা তেল জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত খোলা তেলগুলো তাদের উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে বিক্রি করা হয়। এ ছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
ওই অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













