গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২ নারী

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-১১ ১৬:২২:০৫


সাভার পৌরসভা এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ নারী দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার (১১ মে) দুপুরে পৌর এলাকার নামাবাজারে দাগা আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, সেলিনা (৬৫) এবং মিতু (২২)।

স্থানীয়রা জানান, দুপুরে দাগা আলীর বাড়ি থেকে বিকট শব্দ হয়। পরে আশপাশের লোকজন গিয়ে সেলিনা ও মিতু দুইজনেই মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, দুই নারীর শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে৷ তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে৷ যতটুকু জানতে পেরেছি সিলিন্ডার বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন।