দিল্লিতে ভবনে আগুন, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-১৪ ১১:১৪:৪৯


ভারতের রাজধানী দিল্লির পশ্চিমাঞ্চলে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি।

এএনআই জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছের ওই ভবনে আগুন লাগে।

পুলিশের ডেপুটি কমিশনার (আউটার ডিস্ট্রিক্ট) সমীর শর্মা জানান, এ পর্যন্ত ৫০-৬০ জনকে উদ্ধার করা হয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিসের ডেপুটি চিফ ফায়ার অফিসার সুনীল চৌধুরী বলেন, সন্ধ্যার দিকে বাণিজ্যিক ওই ভবনে আগুন লাগে। এ পর্যন্ত ২৭ মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, চারতলা ওই ভবনটি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো। বিভিন্ন কোম্পানির অফিস রয়েছে সেখানে।

দ্বিতীয় তলায় সিসিটিভি ক্যামেরা ও রাউটার প্রস্তুতকারক কোম্পানির অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। কোম্পানির মালিককে পুলিশ হেফাজতে নিয়েছে। ভবনের মালিকদেরও আটক করা হয়েছে।