ফুলবাড়ীতে বজ্রপাতে ধান কাটা শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১৪ ১৬:২৪:২১
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে রহিম বাদশা নামের এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কামালপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। এতে আরো একজন শ্রমিক আহত হন। নিহত রহিম এলাকার আবুল কাশেমের ছেলে।
আহত মতিয়ার রহমান একই এলাকার কামাল উদ্দিনের ছেলে।
এ বিষয়ে স্থানীয় আব্দুল খালেক জানান, নিহত রহিম বাদশাসহ ১০-১২ জন ধান কাটা শ্রমিক সাথে ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের বোরো ধান কাটার চুক্তি নিয়ে যান। ধান কাটা শেষ করে ধানের আঁটিগুলো তোলার সময় হঠাৎ বজ্রপাতে জমিতে অচেতন হয়ে লুটিয়ে পড়েন রহিম বাদশা। আহত হন মতিয়ার। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নেওয়ার পথে রহিমের মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ওসি বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













