টাকা নিয়ে ভিক্ষুককে বাস থেকে ফেলে দিল দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-১৪ ১৭:২০:২৩


নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সারাদিনের ভিক্ষার রোজগারের ৬শ টাকা ছিনিয়ে নিয়ে শুকুর আলী (৬০) নামে এক ভিক্ষুককে বিবস্ত্র করে বাস থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে বগুড়া থেকে ঢাকাগামী বনলতা এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী বাসে।

শুক্রবার (১৩ মে) রাত ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় ওই ভিক্ষুককে বাস থেকে ফেলে দেওয়া হয়।

বিবস্ত্র অবস্থায় আহত শুকুর আলীকে দেখতে পেয়ে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত সহকারী উপ-পরিদর্শক হাফিজ এবং স্থানীয় যুবক হাবিল ও মুন্না রহমানসহ কয়েকজন তাকে উদ্ধার করেন। এ সময় শুকুর আলী হাঁটতে ও দাঁড়াতে পারছিলেন না।

আহত ভিক্ষুক শুকুর আলী বগুড়া জেলা সদরের চক সূত্রাপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে শুকুর আলী সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুকুর আলী জানান, ভিক্ষা করার জন্য বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বনলতা এন্টারপ্রাইজ নামে একটি বাসে উঠেন। কিছুদূর আসার পর কয়েকজন ব্যক্তি তাকে খাবার দেয়। সেই খাবার খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়েন তিনি। তারপরের ঘটনা মনে নাই। জ্ঞান ফিরলে দেখেন তিনি বিবস্ত্র অবস্থায় রাস্তার পাশে পড়ে আছেন। পকেটে ভিক্ষার ৬শ টাকা ছিল। সে টাকাগুলো নেই।