কসাইয়ের ফ্রিজ থেকে ৮০ কেজি মরা গরুর মাংস জব্দ
উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-১৫ ১৮:২২:৫৮
পাবনার সাঁথিয়ায় মরা গরুর মাংস বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করার অভিযোগে মাংস বিক্রেতাকে এক বছরের কারাদণ্ড ও তার ৩ সহযোগীকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রোববার (১৫ মে) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত মাংস বিক্রেতা সাঁথিয়া পৌর সদরের পিপুলিয়া মহল্লার মৃত মাজহার প্রামানিকের ছেলে মঞ্জুর প্রামানিক ওরফে বলাই কসাই (৪০)।
আর অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার ভাঙ্গুড়া উপজেলার মুন্ডতোষ গ্রামের রুহুল আমিন, লোকমান হোসেন ও ফিরোজ আলী।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ভাঙ্গুড়া থেকে তিন ব্যক্তি একটি গাড়ি নিয়ে সাঁথিয়ায় আসেন। তাদের গাড়িতে একটি গরুর চামড়া দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, ভাঙ্গুড়ায় তাদের একটি অসুস্থ্ গরু আছে, সেটি বিক্রি করার বিষয়ে মঞ্জুর ওরফে বলাই কসাইয়ের সঙ্গে কথা বলার জন্য আসছিল। তারাই তথ্য দেয় বলাই কসাইয়ের ফ্রিজে দুই মণ মাংস আছে।
তাদের দেয়া তথ্যে ভোররাত চারটার দিকে মঞ্জুর ওরফে বলাই কসাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে তার ফ্রিজে সংরক্ষণ করা ৮০ কেজি (দুই মণ) মরা গরুর মাংস জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বলাই কসাইকে একবছর বিনাশ্রম কারাদন্ড ও অপর তিনজনকে ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জব্দকৃত ৮০ কেজি মরা গরুর মাংস ধ্বংস করে দেয়া হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













