ডিসেম্বরে পদ্মা সেতুর রেল সংযোগের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১৫ ১৯:৪৬:৪৯
দেশের অন্যতম মেগাপ্রকল্প পদ্মাসেতুতে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলপথ নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৫৭ ভাগ। এর মধ্যে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৬০ শতাংশ। আর মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত কাজের অগ্রগতি ৭৮ শতাংশ। জুনে যান চলাচলের জন্য পদ্মাসেতু খুলে দেওয়া হলে রেল সংযোগ ডিসেম্বরের মধ্যে চালু করা সম্ভব হবে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আজ রোববার ( ১৫ মে) পদ্মা রেল সংযোগ সড়কের কাজ পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান রেলপথমন্ত্রী।
এ সময় রেলপথমন্ত্রী বলেন, ‘যানবাহন চলাচলের জন্য জুন মাসে পদ্মাসেতু খুলে দেওয়া হলেও একসঙ্গে চালু করা যাচ্ছে না পদ্মাসেতুর রেলের অংশ। সেতুর উদ্বোধন শেষে রেল সংযোগ লাইন স্থাপনের কাজ শুরু হবে। কাজ শুরুর ছয় মাস অর্থাৎ ডিসেম্বরে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত অংশ উদ্বোধন করা যাবে।’
তিনি বলেন, ‘ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলকে রেলপথে যুক্ত করে ঢাকা থেকে যশোর পর্যন্ত যে প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের আগস্ট পর্যন্ত।’
এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফার্স্ট ট্র্যাক প্রকল্প উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে যশোর পর্যন্ত রুটটি অনেক গুরুত্বপূর্ণ। এই পথে রেলপথ নির্মাণ প্রকল্পের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত হলেও আমরা তার আগেই একটি অংশের কাজ শেষ করতে চাই।’
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













