নিজ বন্দুকের গুলিতে প্রাণ গেল ফরেস্ট গার্ডের

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-১৯ ১৩:২৩:৪১


কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিস এলাকায় অসাবধানতাবশত নিজ গুলিতে এক ফরেস্ট গার্ড (এফজি) নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৮ মে) বিকেলে ভাদিতলার পূর্ব পাশের বনে এ ঘটনা ঘটে।

নিহত আখতারুজ্জামান (৪০) যশোরের কোতোয়ালি থানা ইছালী গ্রামের বাসিন্দা রফি উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়া ঘোনা বিটে বনরক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার জানিয়েছেন, আকতারুজ্জামান প্রতিদিনের মতো ডিউটি করছিলেন। শুনেছি তার বন্দুকটি কাজ করছিল না, তা ঠিক করার সময় অসাবধানতাবশত গুলি বের হয়ে আহত হন আখতারুজ্জামান। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত বনকর্মীকে উদ্ধার করা হয়। বন বিভাগের পক্ষ থেকে অভিযোগ বা মামলা হলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঈদগাঁও রেঞ্জের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, পুলিশ সুরতহাল প্রতিবেদন করে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে আখতারুজ্জামানের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।