বাইডেনসহ ৯৬৩ জনের ওপর রাশিয়ার ভ্রমণ নিষেধাজ্ঞা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৫-২২ ১১:২৯:৫৪


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ৯৬৩ জন আমেরিকানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যানসহ আরও অনেকে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমা দেশগুলো। দেশটির অর্থনীততে ধস নামানোর হুঁশিয়ারি দিচ্ছে তারা। এসব নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।

স্থানীয় সময় শনিবার (২১ মে) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত নতুন তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন মার্কিন সরকারি কর্মকর্তা, আইনপ্রণেতা এবং অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তি। এই পদক্ষেপটি ওয়াশিংটনের অনুরূপ নিষেধাজ্ঞার প্রতিশোধ বলে মনে করা হচ্ছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এটি কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি ট্রুডোসহ আরও ২৬ জন কানাডিয়ানকে নিষিদ্ধ করেছে।

রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপের পর গত ১৬ এপ্রিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। এ ঘটনার পাঁচ দিন পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও মার্ক জাকারবার্গের ওপরও নিষেধাজ্ঞা দেয় দেশটি।

অপরদিকে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর কানাডার নিষেধাজ্ঞার মধ্যে পড়েন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৩৫ ও ৩৬ বছর বয়সী কাতেরিনা তিখোনোভা ও মারিয়া ভরোন্তসোভা। ইউক্রেন আগ্রাসনের কারণে কানাডা ভ্লাদিমির পুতিনের দুই মেয়েসহ ঘনিষ্ঠ ১৪ জনের ওপর নিষেধাজ্ঞা দেয় গত ১৯ এপ্রিল।

সূত্র: আল-জাজিরা, এএফপি