ইরানে ভবন ধসে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৪ ১২:২৩:০০


ইরানে একটি ১০তলা ভবন ধসে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ৮০ জন মানুষ ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৩ মে) ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এ ঘটনা ঘটে।

রেড ক্রিসেন্টের স্থানীয় শাখার প্রধান বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। ২৭ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কর্মকর্তারা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, শহরের কেন্দ্রস্থলে ব্যস্ততম সড়কে অবস্থিত বাণিজ্যিক মেট্রোপল ভবনের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে ৮০ জন এখনও আটকা পড়ে থাকতে পারেন।

চলমান উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য বিভিন্ন প্রদেশ থেকে উদ্ধারকারী কুকুর, হেলিকপ্টার, যানবাহন এবং কর্মীদের জড়ো করা হয়েছে। এর মধ্যে রয়েছে তেহরানের ৮০টি বাহিনী, উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ৫০ জন অগ্নিনির্বাপক এবং আকাশ থেকে জরুরি সহায়তা কর্মী ৩০ জন।

এদিকে, রাষ্ট্রীয় সফরে ওমানে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার পরিবর্তে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার স্থানীয় কর্মকর্তাদের অবিলম্বে উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য আদেশ জারি করেছেন।

খুজেস্তানের গভর্নর সাদেগ খালিলিয়ান এক বিবৃতিতে বলেন, ভবন ধসের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি তাদের নাম প্রকাশ করেননি।

সূত্র : আলজাজিরা