চিনি রপ্তানি বন্ধ করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৪ ১৬:৪৬:০০


গমের পর এবার চিনি রপ্তানি বন্ধ করতে চলেছে ভারত। ভারতীয় খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় বাজারে দাম কমানোর লক্ষ্যে গত ছয় বছরের মধ্যে প্রথমবার চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার (২৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, তীব্র দাবদাহের কারণে ভারতে এবার গমের উৎপাদন কম হয়েছে। যে কারণে স্থানীয় বাজারেও গমের দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এমন পরিস্থিতিতে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শনিবার থেকে তাৎক্ষণিক এই নিষেধাজ্ঞা কার্যকর হয় বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার রাতে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিবৃতিতে বলেছে, গমের রপ্তানি অবিলম্বে নিষিদ্ধ করা হয়েছে। তবে বিজ্ঞপ্তির তারিখে বা তার আগে একটি অপরিবর্তনীয় ক্রেডিট চিঠি জারি করা হয়ে থাকলে তাদের রপ্তানির অনুমতি দেওয়া হবে।

ভারতের এই সিদ্ধান্তের কারণে বিশ্ববাজারে গমের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অভ্যন্তরীণ বাজারে দাম কমানোর লক্ষ্যে শনিবার থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে বলে ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।