লং মার্চ করে ইসলামাবাদে প্রবেশ ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-২৬ ১০:২০:৫০


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান লং মার্চ করে বৃহস্পতিবার ভোরে রাজধানী ইসলামাবাদে প্রবেশ করেছেন। সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে তিনি এই লং মার্চ করেন। খবর— জিও টিভি, ডন ও আল জাজিরার।

সরকারের পক্ষ থেকে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল তাকে ও নেতা-কর্মীদের রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না। সে অনুযায়ী রাজধানীতে প্রবেশের আগেই তাদের বাধা দেওয়া হয়। তা নিয়ে রাত থেকে রাজধানী ও তার আশে-পাশে চলে দফায় দফায় সংঘর্ষ।

এছাড়াও লাহোর, করাচি, পাঞ্জাবসহ বিভিন্ন শহর ও জেলায় চলছে বিক্ষোভ ও সংঘর্ষ। ইমরান খানের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপসহ লাঠিচার্জ করে। পুলিশের তৈরি বেরিকেড ভাঙার চেষ্টা করে পিটিআই’র নেতা-কর্মীরা। তা নিয়ে রাতভর দফায় দফায় চলে সংঘর্ষ। বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিভিন্ন শহরে অতিরিক্ত পুলিশ ও প্যারামিলিটারি বাহিনী মোতায়েন করা হয়।

পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস উপেক্ষা করে বেরিকেড ভেঙে বৃহস্পতিবার ভোরে ইসলামাবাদে প্রবেশ করেন ইমরান খান ও তার নেতা-কর্মীরা। তারা ইসলামাবাদের ডি-চক নামক স্থানে অবস্থান নেন। ইমরান খান জানিয়েছেন নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা ডি-চক ছেড়ে যাবেন না।